| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে আহত শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৭:৫৬:৪৩:অপরাহ্ন  |  ৫২০ বার পঠিত
নাটোরের লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে আহত শিক্ষার্থী

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষিকার ছোড়া ডাস্টারের আঘাতে তাওহীদ (৭) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত তাওহীদ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার সোহানুর রহমানের ছেলে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে সহকারী শিক্ষিকা হাফিজা খাতুন শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে একটি ডাস্টার ছুড়ে মারেন। এ সময় সেটি অনাকাঙ্ক্ষিতভাবে তাওহীদের চোয়ালে আঘাত করে। এতে তার মুখে গুরুতর জখম হয় এবং জিহ্বা কেটে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহত তাওহীদকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তার জিহ্বায় অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর বাবা সোহানুর রহমান বলেন, তার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। তিনি দোষী শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত শিক্ষিকা হাফিজা খাতুন দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, গতকাল ক্লাস চলাকালীন সময় শিক্ষিকা হাফিজা খাতুন শিক্ষার্থীদের দিকে একটি ডাস্টার ছুড়ে মারেন। এ সময় ডাস্টারটি অনাকাঙ্ক্ষিতভাবে শিক্ষার্থী তাওহীদের চোয়ালে লেগে তার জিহ্বা কেটে যায়। পরে আহত শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার জিহ্বায় একটি অপারেশন করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪