| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে পুনঃখনন হচ্ছে জিয়া খাল

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৭:৩৭:১১:অপরাহ্ন  |  ৯৩০ বার পঠিত
ইসলামপুরে পুনঃখনন হচ্ছে জিয়া খাল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পুনঃখনন করা হচ্ছে জিয়া খাল নামে পরিচিত (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কাটাখালী), যেখানে নিজ হাতে খালটি খননের শুভ সূচনা করেছিলেন তিনি। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৯৭৮ সালে শেরপুরের শ্রীবরদী উপজেলার বয়ষা বিল থেকে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের দশআনী নদী পর্যন্ত ১২ কিলোমিটার খাল খনন করা হয়। যার মধ্যে ইসলামপুর অংশে রয়েছে ৮ কিলোমিটার খাল।

খালটি খননের কারণে ওই সময় ধান ও মাছ উৎপাদন বৃদ্ধি পায়। ফলে ১৯৭৪ সালে শুরু হওয়া দুর্ভিক্ষের কবল থেকে ১৯৭৯ সালেই ঘুরে দাঁড়ায় এই অঞ্চলের মানুষ। দীর্ঘ প্রায় অর্ধশত বছর পর বাবার স্মৃতিবিজড়িত সেই খাল আবারও পুনঃখননে হাত দিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনা ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলার গাইবান্ধা ইউনিয়নের (ইউসিপি) কমিটির মাধ্যমে খালটির পুনঃখনন করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ৫০ বছর খালটি পুনঃখননের উদ্যোগ না থাকায় খালের অধিকাংশ জমি বেদখল হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি থাকলেও দখলের কারণে বন্ধ হয়ে গেছে জলধারা।

ফুলকার চর গ্রামের সাইদুর রহমান বলেন, খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের পানি সংকটের সমাধানের পাশাপাশি ফসল উৎপাদন ও দেশীয় জাতের মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকৃতি ফিরে পাবে তার আগের রূপ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্পটি অত্যন্ত গুরুত্ব ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে। এই খাল খনন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানি ধরে রাখা, সেচ ও মাছ চাষের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে।

স্থানীয় এমপি এ.ই. সুলতান মাহমুদ বাবু বলেন, গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া যেমন ইসলামপুরের মানুষকে ভালোবাসতেন, তেমনি তার সুযোগ্য সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও ইসলামপুরের মানুষকে ভালোবাসেন। তাই তিনি প্রথমেই ইসলামপুরে খাল খনন, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, ১৬০০ মিটার সেতু, ৪০ কিলোমিটার রাস্তা ও নদী শাসনসহ ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছেন। ইসলামপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত অভিজ্ঞ এই সংসদ সদস্য।

দৈনিক নয়া দিগন্তকে সুলতান মাহমুদ বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির সব প্রকল্প ইসলামপুরে দেওয়া হয়েছে। তার প্রতিশ্রুতির অগ্রাধিকার প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি।

ছবি ক্যাপশন- গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রাম থেকে তোলা জিয়া খালের ছবি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪