| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতাকর্মীদের লেনদেন ও আচরণে সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:১৩:৪৮:অপরাহ্ন  |  ৩৬৩৭ বার পঠিত
নেতাকর্মীদের লেনদেন ও আচরণে সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াত এখন আর শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে— এমন মন্তব্য করে দলের নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাদা কাপড় পরিধানকারীরা সবসময় সতর্ক থাকে যাতে কোনো দাগ না লাগে। অল্প দাগও বেশি দৃশ্যমান হয়ে যায়।

তার ভাষায়, “আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জিত হলে ভবিষ্যতে রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে বৃহৎ শক্তিতে রূপ নেবে। এজন্য নেতাকর্মীদের লেনদেন, আচরণ ও কর্মকাণ্ড আগের চেয়ে আরও স্বচ্ছ ও সতর্ক হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, আগে কখনো জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হতো না। কিন্তু এখন অনেকেই মনে করছে দলটি ভবিষ্যতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে।

তার মতে, “এখন আমাদের সবাইকে সার্চ লাইট দিয়ে দেখা হবে, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড জনগণের নজরদারির মধ্যে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি।

সফরের শুরুতে সকালে রংপুরে পৌঁছান জামায়াত আমির। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করে মহানগর পুলিশ। এরপর তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন করেন তিনি। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪