নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-র গাছবাড়ী এলাকায় স্বামীর ছুড়ে দেওয়া পেট্রলের আগুনে দগ্ধ গৃহবধূ বীথি আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের দাবিতে নির্যাতনের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার (১৫ মে) বিকাল ৩টার দিকে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বীথি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি গ্রামের নজরুল ইসলাম চেল্লুর ছেলে সাজু খানের সঙ্গে বীথির বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
গত ৯ মে রাতে নীলফামারীর গাছবাড়ী এলাকায় ভাড়া বাসায় বীথির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে স্বামী সাজু খান পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। প্রতিবেশীরা গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনায় নীলফামারী সদর থানা-এ মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মা মাদুসা আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়ের ওপর নির্যাতন চালানো হতো। তিনি মেয়ের হত্যার বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।