স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের পাল্টাপাল্টি লড়াইয়ে ভরপুর। শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দৃঢ়তায় শেষ পর্যন্ত কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে টাইগাররা।
প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
নতুন বল হাতে নিয়েই আঘাত হানেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান। কোনো রান না করেই স্লিপে ক্যাচ তুলে দেন তিনি।
শুরুর ধাক্কার পর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান। দুজন মিলে ধীরে ধীরে রান তোলার পাশাপাশি পাকিস্তানের বোলারদের চাপও সামলান।
বিশেষ করে তানজিদ ছিলেন বেশ আত্মবিশ্বাসী। সুযোগ পেলেই খেলেছেন আক্রমণাত্মক শট। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করে ৪৪ রান।
তবে ভালো শুরুকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি তানজিদ। মোহাম্মদ আব্বাসের বলে মিড-অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু খুররম শাহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি। ৪১ বলে ২২ রান করেন মুমিনুল।
তিন উইকেট হারিয়ে আরও চাপে পড়া বাংলাদেশকে সামাল দেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন।
প্রথম সেশন শেষে শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নিয়েছেন দুটি উইকেট। একটি উইকেট পেয়েছেন খুররম শাহজাদ।
রিপোর্টার্স২৪/ঝুম