রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করেছেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো মহাসড়কজুড়ে দেখা গেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি।
জানা গেছে, তিনি ইতোমধ্যে দাউদকান্দি উপজেলায় প্রবেশ করে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন এলাকা অতিক্রম করেন। এ সময় বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচংয়ের নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং কুমিল্লার পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর অনুসারীরা উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, “আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।”
রিপোর্টার্স২৪/ঝুম