| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে আ’লীগ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২০:১৯:১০:অপরাহ্ন  |  ৮২৯ বার পঠিত
ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে আ’লীগ

রিপোর্টার্স ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভেতরে ভেতরে পুনর্গঠনের চেষ্টা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে। দেশের ভেতরে সীমিত পরিসরে তৎপরতার পাশাপাশি বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মীরাও সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল করেছেন। এছাড়া ছোট ছোট বৈঠকও করছেন নেতাকর্মীরা। এর পাশাপাশি সম্প্রতি লক্ষ্মীপুরে শপথ গ্রহণের কথাও শোনা গেছে।

লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই শপথ গ্রহণ কর্মসূচির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হতে দেখা যায়। এই শপথের বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা। ওই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলেও দলটির নেতাকর্মীরা ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করা হচ্ছে। কোনো কোনো তৎপরতা তারা নিজেরাই প্রকাশ্যে নিয়ে আসছেন ফোকাস হওয়ার জন্য। আবার কোনো কোনোটি কৌশলগত কারণে প্রকাশ্যে আনা হচ্ছে না। তাদের মূল টার্গেট হলো সংগঠিত হয়ে দলকে প্রকাশ্য কর্মসূচিতে নিয়ে আসা। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ্য কর্মসূচিতে আসার চেষ্টা রয়েছে বলেও শোনা যাচ্ছে।

দলের নেতাকর্মীদের মতে, এখন দলকে টিকিয়ে রাখার প্রশ্ন তাদের সামনে চলে এসেছে। দীর্ঘ দিন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংগঠন স্থবির হয়ে পড়েছে। আবার নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিকভাবে প্রকাশ্য কর্মসূচিতে আসতে পারছে না। তবে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তাদের দলের প্রকাশ্য রাজনীতি না থাকলেও দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল হিসেবে এর সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েনি। এ অবস্থায় সংগঠনকে পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে তৎপরতা চললে কিছু দিনের মধ্যে দলকে সংগঠিত করা সম্ভব। সেই কাজটিই ভেতরে ভেতরে করা হচ্ছে। এর পাশাপাশি অনলাইন প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা জানান।

ওই নেতাকর্মীরা আরও জানান, তাদের ধারণা ছিল গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেবে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের গতিবিধিতে তারা সে ধরনের কোনো লক্ষণ দেখছেন না। উপরন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ জাতীয় সংসদে বিল এনে তা পাসের মাধ্যমে আইনে পরিণত করা হয়। এই অবস্থায় দলকে মাঠে নামানো ছাড়া অন্য কোনো বিকল্প তারা দেখছেন না। এ কারণে অন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা দলটির সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। প্রথমে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। নেতাকর্মীদের সংগঠিত করার পর প্রকাশ্যে কর্মসূচি দিয়ে মাঠে নামার চেষ্টা করা হবে। আগামী ডিসেম্বরের দিকে ঢাকায় বড় ধরনের জমায়েত দিয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামতে চায় বলেও ওই নেতাকর্মীদের কেউ কেউ জানান। আর দলের নেতাকর্মীদের সংগঠিত করার টার্গেট সফল করতে বিভিন্ন ধরনের সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের সব নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। দলের নেতাকর্মীদের একটি অংশও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। এর পর থেকেই আওয়ামী লীগের কার্যক্রম মূলত নিষিদ্ধই হয়ে পড়ে। এরপর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগ ও এর সব সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে।

সম্প্রতি জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাসের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রয়েছে। গত ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাস হয়, যার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধই থেকে গেছে। এর আগে গত বছর ১২ মে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এরপরই নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়। এর ফলে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও অংশ নিতে পারেনি দলটি। এরপর বিএনপি ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকারের এই অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আইনে পরিণত হয়েছে। গত নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে এমন একটা আলোচনা উঠতে থাকে। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই এক ধরনের আশার সঞ্চার হয়। কিন্তু এরই মধ্যে জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশটি বিল আকারে পাসের মাধ্যমে আইনে পরিণত হওয়ার পর দলটির নেতাকর্মীদের সেই আশা ভেঙে যায়।

গত ২৪ এপ্রিল লক্ষ্মীপুরের একটি উপজেলার নেতাকর্মীদের রাতের অন্ধকারে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ওই শপথে তারা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন এবং দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার ঘোষণাও দেন।

এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত ২৭ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় পৌনে দুইশো আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী ওই যৌথ বিবৃতিতে সাক্ষর করেছেন। এরপর সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীদের মিছিল, মানববন্ধনসহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন কর্মসূচি পালন করার কথা শোনা গেছে।

দলটির একাধিক সূত্র থেকে জানা যায়, বিভিন্ন পর্যায়ে ছোট পরিসরের বৈঠক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্রচারণা জোরদার করা হচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু কেন্দ্রীয় নেতা জেলা, উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিভিন্ন জেলায় যেসব নেতার ওপর তুলনামূলকভাবে চাপ কম রয়েছে তারা তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন। এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলেও জানা গেছে।

সূত্রগুলো আরও জানায়, শেখ হাসিনা নিজেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন এবং সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে পুনরুজ্জীবিত করার নির্দেশ দিচ্ছেন। আবার বিদেশে অবস্থানরত নেতাদের যাদের বিরুদ্ধে গুরুতর মামলা নেই, তাদের দেশে ফিরে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়া এবং নেতাকর্মীদের সংগঠিত করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন।

আবার দলটির কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের সূত্র থেকে জানা যায়, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ভারত, যুক্তরাজ্যসহ ইউরোপভিত্তিক দলের নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতা, দিল্লি ও লন্ডনসহ ইউরোপের দুই-একটি শহরে অবস্থানরত নেতারা দেশে ও বিদেশে সমন্বয় করে দলের সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক বার্তা আদান-প্রদানের কাজ করছেন। এর পাশাপাশি যুক্তরাজ্যসহ ইউরোপে অবস্থানরত দুই-একজন নেতা কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ ও আন্তর্জাতিক লবিংয়ের কাজ করছেন।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীদের সংগঠিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে এমন গুঞ্জন রয়েছে। দলকে সংগঠিত করতে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তাদের সামনে আনা হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। সরকার পতনের পর সাবের হোসেন চৌধুরীর নামে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তিনি জামিনে বেরিয়ে আসেন। সেলিনা হায়াৎ আইভী সম্প্রতি কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তিনি জামিনে ছাড়া পেতে পারেন এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

তবে আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, নীতিনির্ধারণী পর্যায়ে এখনও এ ধরনের চিন্তা-ভাবনা করা হচ্ছে না। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনার বাইরে অন্য কারও নেতৃত্বে আনার কথা ভাবছে না দলের নেতাকর্মীরা। শেখ হাসিনার নেতৃত্বেই দলের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। পরিচ্ছন্ন ও মামলা-হামলার ঝুঁকি কম এমন নেতাদের তৃণমূলকে সংগঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা ও সাবেক মন্ত্রী বলেন, সারাদেশে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী-সমর্থক রয়েছে। দলকে সক্রিয় ও সংগঠিত করতে হলে এই কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই কাজ করা হচ্ছে। এই দলে শেখ হাসিনার বিকল্প কারও কথা ভাবা হচ্ছে না। তার নেতৃত্বেই দলকে সংগঠিত করার কাজ চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সূত্র: বাংলা নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪