ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ দলটির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহসভাপতি এনামুল কবির। এর আগে গত শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে মামলা করার পর আজ দুপুরে ছাত্রদলের পক্ষ থেকে এই পাল্টা মামলাটি করা হয়।
গত শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হওয়ার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার পর শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান নেন। পরে রাতেই ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। এরপর রাতেই পুলিশের কড়া পাহাড়ায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। এর জের ধরেই আজ ছাত্রদলের পক্ষ থেকে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয় এই পাল্টা মামলা।
রিপোর্টার্স২৪/ধ্রুব