রিপোর্টার্স২৪ ডেস্ক :
লাঠিচার্জ করে নতুনবাজার সড়ক থেকে তুলে দেওয়ার ১০ মিনিট পর ফের অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে আবারও নতুনবাজার-বাড্ডা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ১১টার দিকে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধ করেন।
এর আগে, সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা।
ইউআইইউর শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তাদের এই অবস্থান কর্মসূচি।
মূলত, গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন।
২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগে গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে এই ব্লকেডের কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের পদত্যাগের দাবিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকারী ২০ জনের বেশি শিক্ষার্থীকে অবৈধভাবে বহিষ্কার করেছে ইউআইইউ কর্তৃপক্ষ। তারা কয়েক দফা ইউজিসিতে স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তাই শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
.
রিপোর্টার্স২৪/এস