| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজার পর এবার জাতীয় দলে আসছেন ফারহান-রায়ান

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০০:৪৭:৩৩:পূর্বাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
হামজার পর এবার জাতীয় দলে আসছেন ফারহান-রায়ান

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীকে ঘিরে দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের যে নতুন জোয়ার শুরু হয়েছিল, এবার তাতে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি বড় নাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী দুই ভাই ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ।

এর মধ্যে বড় ভাই ফারহান বর্তমানে ফুলহাম এফসির বয়সভিত্তিক দলে খেলছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, দুই প্রবাসী প্রতিভাকে জাতীয় দলে ভেড়ানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।

প্রবাসী ফুটবলারদের দেশের জার্সিতে খেলানো বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালর নেতৃত্বাধীন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলের শেষ দিক থেকেই ওয়াহিদ পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে ফেডারেশন।

কানাডায় অনুষ্ঠিত ফিফা ও এএফসি কংগ্রেস চলাকালে ফারহানের এজেন্ট অ্যাডামের সঙ্গে প্রথম দফায় আলোচনা করেন ফাহাদ করিম। পরে দেশে ফিরে খেলোয়াড়দের বাবা আব্দুল ওয়াহিদের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের একটি ভার্চুয়াল বৈঠক করেন বাফুফে কর্মকর্তারা। ওই বৈঠকেই পরিবারের পক্ষ থেকে দুই ভাইকে বাংলাদেশের হয়ে খেলার সম্মতি দেওয়া হয়।

১৮ বছর বয়সী উইঙ্গার ফারহানকে ঘিরে ইতোমধ্যেই দেশের ফুটবল অঙ্গনে বাড়ছে প্রত্যাশা। মাত্র ১২ বছর বয়সে বিখ্যাত চেলসি এফসি একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। বর্তমানে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ‘প্রিমিয়ার লিগ টু’-তে খেলছেন এই তরুণ ফুটবলার। ক্লাবের সঙ্গে তার পেশাদার চুক্তিও রয়েছে।

গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ফারহান। গত নভেম্বরে তিনি লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাশাপাশি মৌসুমসেরার মনোনয়ন তালিকাতেও জায়গা করে নেন। গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতার কারণে তাকে ইংলিশ ফুটবলের সম্ভাবনাময় তারকা হিসেবে দেখা হচ্ছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও মনে করেন, বাংলাদেশের ফুটবলের জন্য ফারহান হতে পারেন বড় এক মাইলফলক।

ছোট ভাই রায়ান আলী ওয়াহিদও সমানভাবে প্রতিভাবান। রাইট-ফুটেড এই তরুণ মূলত অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে খেলেন। বর্তমানে ওকিং এফসিতে থাকা রায়ান এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাফুফে তাকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ দলের সম্ভাবনাময় সদস্য হিসেবে বিবেচনা করছে।

বাফুফের পরিকল্পনা অনুযায়ী, ঈদের ছুটির পরপরই দুই ভাইয়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। ফেডারেশনের আশা, জুলাইয়ের মধ্যেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর ম্যাচগুলোতেই জাতীয় দলের স্কোয়াডে দেখা যেতে পারে ফারহানকে। তবে বাফুফের মূল লক্ষ্য, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে তাকে পুরোপুরি কাজে লাগানো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪