| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শনে না আসলে কঠোর আন্দোলন’

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৬:৩৫:২১:পূর্বাহ্ন  |  ২৪৫১৮৬৮ বার পঠিত
‘২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শনে না আসলে কঠোর আন্দোলন’
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যদি সরাসরি বা প্রতিনিধি দলসহ হল পরিদর্শনে না আসেন এবং কার্যকর সমাধানের আশ্বাস না দেন, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

রোববার (২২ জুন) অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।

শিক্ষার্থীরা জানান, দিনের পর দিন তারা ঝুঁকিপূর্ণ ভবনে জীবন বিপন্ন করে থাকছেন, কিন্তু প্রশাসন কার্যকর সমাধানের পরিবর্তে কেবল তাদের হল ছেড়ে দিতে বলছে।

ঢামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ডা. ফজলে রাব্বী হলের আবাসিক ছাত্র আব্দুল্লাহ আল নোমান বলেন, অনেক দিন ধরে নিরাপদ আবাসনের জন্য আন্দোলন করছি। হলের ভগ্নদশা দেশবাসী দেখেছে। আজ কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলাম, কিন্তু সুস্পষ্ট কোনো আশ্বাস পাইনি। বরং আমাদের বারবার বলা হয়েছে হল ছেড়ে দিতে।

তিনি বলেন, আমরা এখন স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি— আগামীকাল (২৩ জুন) দুপুর ১২টার মধ্যে তিনি যেন তার প্রতিনিধি দলসহ ঢামেকে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসেন এবং সমস্যার বাস্তব সমাধান দেন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।

তিনি আরও বলেন, গতকালের বিজ্ঞপ্তিতে হল ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে ভবনের সংস্কারের জন্য এটি করা হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের আন্দোলন দমন করতেই এই নির্দেশনা। আমরা এটা মানছি না। যেহেতু সংস্কার হচ্ছে না, আমরাও হল ছাড়ছি না।  

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানদের মতো। আমরা আশা করি, নিরাপত্তার স্বার্থে তারা হলে ছাড়বে, আমরা কার্যক্রম চালু করব। আজ না হলেও কাল তাদের এটা বুঝাতে সক্ষম হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪