| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে ইবোলা রুখতে ট্রাভেল ব্যান ও বিমান বন্দরে কড়া স্ক্রিনিং

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৯:২১:৪০:অপরাহ্ন  |  ১৯৪ বার পঠিত
বিশ্বকাপে ইবোলা রুখতে ট্রাভেল ব্যান ও বিমান বন্দরে কড়া স্ক্রিনিং

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা যখন দিন গুনছেন এবং বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত উত্তর আমেরিকায় পৌঁছাতে শুরু করেছেন, ঠিক তখনই এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে সতর্কাবস্থায় রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। 

পূর্ব আফ্রিকায় হঠাৎ ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের তিন যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ইতিমধ্যেই কঠোর স্বাস্থ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

গত ১৫ মে গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআরসি) ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ স্ট্রেনটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকে সেখানে অন্তত ৪৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮৬ জন। সংক্রমণটি এখন প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে (১৯ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু)। 

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) সতর্ক করেছে যে, এটি ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার মহামারীর পর সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে রূপ নিতে পারে।

বিশ্বকাপের মঞ্চে যেন এই ভাইরাসের কোনো প্রভাব না পড়ে, সেজন্য তিন দেশের প্রশাসন বিমানবন্দরগুলোতে কঠোর স্ক্রিনিং ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ আফ্রিকান অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের জন্য একই ধরণের জনস্বাস্থ্য ভ্রমণ ব্যবস্থা নেওয়ার ঘোষণা যৌথভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

মে মাস থেকেই কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে গত ২১ দিনের মধ্যে ভ্রমণ করা যেকোনো অ-নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন। পরবর্তীতে গ্রিন কার্ড হোল্ডারদের জন্যও এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। এছাড়া ওয়াশিংটন ডুলস এবং আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনের মতো বড় বিমানবন্দরগুলোতে কঠোর স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

অন্যদিকে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের বাসিন্দাদের জন্য সাময়িকভাবে ৯০ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। পাশাপাশি ৩০ মে থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনো কানাডীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দা যদি লক্ষণ ছাড়াই ওই আক্রান্ত অঞ্চলগুলো থেকে আসেন, তবে তাদের ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

অন্যদিকে মেক্সিকোর স্বাস্থ্য সচিব বিমানবন্দরগুলোতে ইবোলা স্ক্রিনিং জোরদার করেছেন এবং কঙ্গো থেকে আসা যাত্রীদের ২১ দিনের কোয়ারেন্টিন পালনের অনুরোধ জানিয়েছেন।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (DRC)। কিন্তু দেশের মাটিতে ইবোলার প্রকোপ চলায় তারা নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বেলজিয়ামকে ঘাঁটি বানাতে বাধ্য হয়েছে।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি নিশ্চিত করেছেন যে, কঙ্গো দলকে বেলজিয়ামে ২১ দিনের কঠোর কোয়ারেন্টিন বা ‘বাবল’ বজায় রাখতে হবে, অন্যথায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই কড়াকড়ির কারণে স্পেনে চিলির বিপক্ষে তাদের একটি প্রস্তুতি ম্যাচও বাতিল করে দেন স্থানীয় স্প্যানিশ মেয়র। 

কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে অবশ্য পরিস্থিতি মেনে নিয়ে বলেছেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।’ 

কঙ্গো দল টেক্সাসের হিউস্টনকে তাদের বেঞ্চ বানানোর পরিকল্পনা করেছে, যেখানে ১৭ জুন পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের সময় সংক্রামক ব্যাধির যেকোনো প্রাদুর্ভাব ট্র্যাক করতে বোস্টন ইউনিভার্সিটির ‘সেন্টার অন এমার্জিং ইনফেকশাস ডিজিজেস’ তাদের বিশেষ প্রোগ্রাম ‘বিকন’ (BEACON)-এর মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাবে। এছাড়া ‘ন্যাশনাল স্পেশাল প্যাথোজেন সিস্টেম’ (NSPS) সম্প্রতি একটি কৃত্রিম পরিস্থিতি (টেবিলটপ এক্সারসাইজ) তৈরি করে যেকোনো মহামারী দ্রুত মোকাবিলার মহড়া সম্পন্ন করেছে।

এতসব কঠোর নিয়মের মাঝেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য সাধারণ ফুটবল ভক্তদের খুব বেশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। কিংস কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ একাডেমিক অলিভার জনসন রয়টার্সকে বলেন, ‘সাধারণ দর্শকদের জন্য ইবোলার ঝুঁকি অত্যন্ত কম। উচ্চ আয়ের দেশগুলোতে সাধারণত ইবোলা ছড়ায় না, কারণ এটি বায়ুবাহিত রোগ নয়। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না এলে এবং নিয়মতান্ত্রিক কন্ট্যাক্ট ট্রেসিং থাকলে এটি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য সাধারণ স্বাস্থ্যবিধি, যেমন নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ বোধ করলে ভিড় এড়িয়ে চলার মতো প্রাথমিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪