জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা দিয়ে ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার বারের চালানসহ মমিন নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ জুন) রাত আটটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচ মোড় থেকে এ চালান আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
আটককৃত পাচারকারী সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে।
রাত সাড়ে বারোটার দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপি'র একটি টহল দল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৬৯/২-এস হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড় হতে মোঃ মমিনকে ৮ পিস স্বর্ণের বার এবং ছোট ১ টি স্বর্ণের টুকরা ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করার সময় একটি বাইসাইকেলসহ আটক করা হয়। আটককৃত স্বর্ণের সর্বমোট ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। আটককৃত স্বর্ণ এবং বাইসাইকেলের সর্বমোট সিজার এক কোটি তেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার একশত আট টাকা।
বিজিবির কর্মকর্তা মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক মমিনের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় সোপর্দ করা হয়। সোনার বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গায় সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, যা প্রক্রিয়াধীন।
.
রিপোর্টার্স২৪/এস