লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খালে মাছ চাষের উদ্দেশে দেওয়া কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) উপজেলার দালালবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধু মাঝির খালে অভিযান চালিয়ে এই বাঁধ গুলো অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন খালের দুই পাড়ের বাসিন্দারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা অভিযান পরিচালনা করে বাঁধা গুলো অপসারণ করেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে খালের দু'পাশের এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে খালের ওপর আড়া-আড়িভাবে দেওয়া বাঁধ, জাল ও অবকাঠামো অপসারণ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।
মো. জামশেদ আলম রানা বলেন, উপজেলার দালালবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধু মাঝির খালে অভিযান চালিয়ে মাছ চাষের জন্য দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এ অভিযান চলছে।
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তীতে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল জেলার কয়েক লাখ মানুষ। তাই এই বছর বর্ষা মৌসুম শুরুর আগ থেকে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশনায় জেলায় অবস্থিত নদী ও খালে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টার্স২৪/আরএইচ