স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের দিনে ব্যক্তিগতভাবেও ইতিহাস গড়লেন নাহিদা আক্তার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।
শনিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিন উইকেট শিকার করে এই কীর্তি গড়েন নাহিদা। ম্যাচ শেষে তার আন্তর্জাতিক উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২০১-এ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটে এতদিন কোনো বোলারই ২০০ উইকেটের কাছাকাছি পৌঁছাতে পারেননি। সেই জায়গায় নতুন ইতিহাস লিখলেন দেশের বোলিং আক্রমণের দীর্ঘদিনের অন্যতম ভরসার এই স্পিনার।
বাংলাদেশের নারী ক্রিকেটে নাহিদার সবচেয়ে কাছাকাছি ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক সালমা খাতুন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট উইকেট ১৩৬টি। এর মধ্যে ওয়ানডেতে ৫২ এবং টি-টোয়েন্টিতে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। তবে অনেক আগেই সালমাকে ছাড়িয়ে গিয়েছিলেন নাহিদা, এবার ছুঁয়েছেন অনন্য এক উচ্চতা।
বর্তমান ক্রিকেটারদের মধ্যেও নাহিদার ধারেকাছেও নেই কেউ। ফাহিমা খাতুনের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১০৭, আর রাবেয়া খানের ঝুলিতে রয়েছে ৮৫টি উইকেট।
দুই ফরম্যাট মিলিয়ে নাহিদার ওয়ানডে উইকেট ৮১টি এবং টি-টোয়েন্টিতে ১২০টি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট শিকার এখন ২০১ উইকেট।
দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত এই অর্জনেও উচ্ছ্বসিত নাহিদা। ম্যাচ শেষে তিনি বলেন, প্রথমে আলহামদুলিল্লাহ, আমরা একটি ভালো ম্যাচ জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে ভালোভাবে ম্যাচটি শেষ করতে পেরেছি। ম্যাচ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০০তম উইকেটও পেয়েছি। এ জন্য আমি খুবই আনন্দিত। আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের দিনে নাহিদার এই মাইলফলক বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় হয়ে থাকল।
রিপোর্টার্স২৪/বাবি