| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুদিমিরের গোলে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৮:১৭:৪৮:পূর্বাহ্ন  |  ৩৭৯ বার পঠিত
বুদিমিরের গোলে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যাওয়া ক্রোয়েশিয়া বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রেখেছে ২০১৮ সালের রানার্সআপরা।

টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৫৪ মিনিটে জয়সূচক গোলটি করেন আন্তে বুদিমির। তার একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জ্লাতকো দালিচের দল। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পানামা।

আগের ম্যাচে হারের কারণে দুই দলের জন্যই এই লড়াই ছিল বাঁচা-মরার। ফলে শুরু থেকেই ছিল বাড়তি সতর্কতা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক লুকা মদ্রিচের সামনে গোলের সুযোগ এলেও ইভান পেরিসিচের ক্রস থেকে নেওয়া তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে এগিয়ে ছিল পানামা। চতুর্থ মিনিটে মুরিলোর শট ক্রোয়েশিয়ার রক্ষণভাগ প্রতিহত করে। ১৮ মিনিটে তার দারুণ দৌড়ে তৈরি হওয়া সুযোগ থেকেও গোল পায়নি মধ্য আমেরিকার দলটি।

২২ মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগ নষ্ট করেন মার্টিনেজ। কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া তার শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। এক মিনিট পর মুরিলোর ক্রস থেকে রদ্রিগেজের হেডও অসাধারণ সেভে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার এই গোলরক্ষক। পরে অবশ্য রেফারি গোল-কিকের সিদ্ধান্ত দেন।

প্রথমার্ধে ক্রোয়েশিয়ার একমাত্র উল্লেখযোগ্য সুযোগ আসে যোগ করা সময়ে। মার্টিন বাতুরিনার দূরপাল্লার শট পানামার গোলরক্ষক মস্কুয়েরা ঠেকিয়ে দিলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণভাগে পরিবর্তন এনে পেতার মুসা ও যোশকো গভার্দিওলের জায়গায় আন্তে বুদিমির ও আন্দ্রেই ক্রামারিচকে নামান কোচ জ্লাতকো দালিচ। এই পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৫৪ মিনিটে মারকো পাসালিচের ফ্লিক থেকে ডান প্রান্তে বল পেয়ে ইয়োসিপ স্তানিসিচ নিখুঁত ক্রস বাড়ান। ফাঁকায় থাকা বুদিমির সহজ টোকায় বল জালে পাঠিয়ে ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় পানামা। তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান লিভাকোভিচ। বিশেষ করে ৬৮ মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে মুরিলোর দুটি শট এবং কর্নার থেকে পাওয়া আরেকটি হেড অসাধারণ দক্ষতায় প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন তিনি।

ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পান ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি মিডফিল্ডার।

যোগ করা সময়ে বক্সের বাইরে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেলেও মুরিলোর শট গ্যালারিতে চলে গেলে পানামার সমতায় ফেরার শেষ আশাও শেষ হয়ে যায়।

গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড ও ঘানার গোলশূন্য ড্রয়ে সমীকরণ আরও জমে উঠেছে। দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানার সংগ্রহ ৪ পয়েন্ট করে। ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩, আর পানামা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

গুরুত্বপূর্ণ এই জয়ে শেষ ম্যাচের আগে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখল লুকা মদ্রিচরা। অন্যদিকে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পানামা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪