| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে ব্রাজিল পতাকা লাগানো আম পেলেন কাবিলা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ২৩:২৫:৫০:অপরাহ্ন  |  ২০৫৮ বার পঠিত
আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে ব্রাজিল পতাকা লাগানো আম পেলেন কাবিলা

বিনোদন ডেস্ক: পর্দার জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে দর্শকদের কাছে পরিচিত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ বাস্তব জীবনেও পরিচিত একজন ব্রাজিল সমর্থক হিসেবে। তবে এবার এক ব্যতিক্রমী উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

মজার বিষয় হলো, উপহারটি এসেছে একজন আর্জেন্টিনা সমর্থকের কাছ থেকে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি শেয়ার করেন পলাশ। সেখানে দেখা যায়, তার এক ভক্ত নওগাঁ থেকে কয়েকটি আম পাঠিয়েছেন। প্রতিটি আমেই সযত্নে লাগানো ছিল ব্রাজিলের পতাকার স্টিকার, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নজর কাড়ে।

উপহারটি পাঠিয়েছেন নওগাঁর মিশকাত জারির ইসলাম নামে এক তরুণ। তিনি নিজেকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচয় দিলেও পলাশের অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই এই বিশেষ উপহার পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

আমের সঙ্গে পাঠানো একটি চিঠিতেও নিজের অনুভূতির কথা তুলে ধরেন ওই ভক্ত। চিঠিতে তিনি লেখেন, পলাশের অভিনয়, পরিশ্রম ও স্বাভাবিক ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’র মাধ্যমে তিনি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, ফুটবলে তিনি আর্জেন্টিনার সমর্থক হলেও পলাশের অভিনয়ের কারণে তিনি সবসময় অভিনেতার পক্ষেই থাকবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জিয়াউল হক পলাশ বলেন, এটাই ফুটবলের সৌন্দর্য। যিনি আমাকে ব্রাজিলের স্টিকার লাগানো আম পাঠিয়েছেন, তিনি নিজেই আর্জেন্টিনার সমর্থক। আমার কাজ ভালোবেসেই তিনি এটি করেছেন। আসলে দল-মতের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ—এটাই সবচেয়ে বড় সত্য।

তিনি আরও বলেন, ভক্তের পাঠানো চিঠি তাকে আবেগাপ্লুত করেছে এবং এটি তার কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে জিয়াউল হক পলাশ জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মৌসুমের একটি বিশেষ পর্বে ফুটবলকে কেন্দ্র করে গল্প নির্মাণ করা হবে, যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা দ্বৈরথও নাটকীয়ভাবে তুলে ধরা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪