চট্টগ্রাম প্রতিনিধি: ৩৭ বছরের দীর্ঘ কারাতে জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ কারাতে রেফারি ও কোচ আব্দুল হান্নান কাজল। তিনি একজন সিনিয়র ফটো সাংবাদিক এবং বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকায় চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত আছেন।
চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল হান্নান কাজলের ভাষ্য অনুযায়ী, তিনি মনে করেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের বর্তমান কমিটির সভাপতি শাহজাদা আলম ছাড়া কমিটির অন্যান্য সদস্য এবং রেফারি কমিটির কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণেই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, ‘আজ থেকে আমি আর কখনো কারাতে রেফারিং করব না। দীর্ঘ ৩৭ বছরের পথচলার এখানেই সমাপ্তি। জীবনের বাকি সময় ফটো সাংবাদিকতা করেই হালাল উপায়ে সংসার চালানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, সেভাবেই জীবন কাটাতে চাই। আল্লাহ আমার জন্য যথেষ্ট।’
দীর্ঘ সময় ধরে দেশের কারাতে অঙ্গনে একজন রেফারি ও কোচ হিসেবে কাজ করা আব্দুল হান্নান কাজলের এই ঘোষণা কারাতে মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন অভিজ্ঞ রেফারি ও কোচের এমন বিদায় দেশের কারাতে অঙ্গনের জন্য একটি দুঃখজনক ঘটনা।
এদিকে কাজলের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও পোষ্ট করা হয়েছে, সেখানে দেখা যায় আব্দুল হান্নান কাজল ইউনিফরম পোড়াচ্ছেন আর মনের ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই ব্যাপারে বাংলাদেশ কারাতে ফেডারেশনের বর্তমান কমিটির কারো কোন বক্তব্য বা মন্তব্য জানা যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব