| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপির বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৭:২৭:০৫:অপরাহ্ন  |  ১৬৬০ বার পঠিত
এমপির বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারভিত্তিক খাল খনন প্রকল্পকে কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির ভাতিজাকে গভীর রাতে তুলে নিয়ে চোখ বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর কেয়ারটেকার মনিরুল ইসলাম মনি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

অভিযুক্ত মনিরুল ইসলাম মনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেচর গ্রামের বাড়িতে এমপির কেয়ারটেকার হিসেবে কর্মরত। তিনি পাশের মরাকান্দী গ্রামের মৃত ময়ফল মিয়ার ছেলে।

নির্যাতনের শিকার খোরশেদ আলম (৪৫) গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। তিনি স্থানীয় জিয়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালেব হোসেনের ভাতিজা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে স্থানীয়রা খোরশেদ আলমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঝগড়ারচর বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম মনি ও তার সহযোগীরা জোরপূর্বক খোরশেদকে তুলে নিয়ে যায়।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন বলেন, খাল খননের কাজে মনি ৫ থেকে ৭টি ভেকু মেশিন ব্যবহার করেন। তার অভিযোগ, খাল খননের নামে অতিরিক্ত মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। এছাড়া সরকারি বরাদ্দের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে তিনি তাতে সম্মতি দেননি। এরপর থেকেই মনি তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

মোতালেব হোসেনের অভিযোগ, তাকে না পেয়ে তার ভাতিজা খোরশেদকে অপহরণ করে রাতভর নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাপিতেরচর সরকারপাড়া গ্রামের বাসিন্দা যুবদল নেতা মিজানুর রহমান ফেলুনের বড় ভাই সাদা মিয়ার বাড়িতে অবস্থান করছেন খোরশেদ আলম। সেখানে তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

ভুক্তভোগী খোরশেদ আলম জানান, রাত ১১টার দিকে মনি ও তার সঙ্গে থাকা ১১ জনের একটি দল তাকে জোর করে অটোরিকশায় তুলে নেয়। পরে তার চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি অভিযোগ করেন, প্রকল্পের সভাপতির সঙ্গে অর্থসংক্রান্ত বিরোধের জেরে তাকে রাতভর নির্যাতন করা হয় এবং গুমেরও চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সাদা মিয়া বলেন, বুধবার গভীর রাতে খোরশেদের পরিবার তাকে বিষয়টি জানায়। তিনি সারারাত বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি। সকালে এমপির কেয়ারটেকার মনির বাড়িতে গেলে মনি নিজেই খোরশেদকে তার সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন।

অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম মনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হচ্ছে। তিনি দাবি করেন, খাল খননের কাজে তিনি ভেকু মেশিন দিয়েছিলেন, কিন্তু তার পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। সে কারণেই খোরশেদকে ডেকে আনা হয়েছিল বলে তার বক্তব্য।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় কাটাখালী (জিয়া খাল) পুনঃখননের প্রকল্প গ্রহণ করা হয়। গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী ও চিনারচর নামাপাড়া হয়ে দশআনী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খননের জন্য দুই কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর অর্ধেক অর্থ ভেকু মেশিন পরিচালনায় এবং বাকি অর্ধেক শ্রমিকদের মজুরির জন্য নির্ধারিত ছিল। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই এবং এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪