বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালীতে প্রতিষ্ঠিত হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয় ধ্বংসের ষড়যন্ত্র ও তিন শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী রাজীব প্রসাদ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজীব প্রসাদ অভিযোগ করেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলতে তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। আর্থিক সংকটের সময় মা ও স্ত্রীর অলংকার বিক্রি করেও বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাহের শেখ, ইংরেজি শিক্ষক মো. মানিক মিয়া এবং বিজ্ঞান শিক্ষক মো. পিলিন মিয়া শিক্ষার্থীদের জোরপূর্বক প্রাইভেট ও কোচিংয়ে পড়তে বাধ্য করতেন। এ বিষয়ে প্রতিবাদ করায় ওই শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে গত ১ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্ররোচিত করেন বলে অভিযোগ করেন তিনি।
রাজীব প্রসাদ আরও অভিযোগ করেন, ২ জুলাই ওই শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না হয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে গিয়ে পাঠদান শুরু করেন। এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা অফিস ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা।
তবে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব