ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, কেশম দ্বীপের আকাশে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এটি তাদের ভূপাতিত করা ১৭তম মার্কিন এমকিউ-১ ড্রোন বলেও দাবি করেছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত করে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। পরে তাদের একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ধ্বংস করা হয়।
আইআরজিসি ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ সিরিজের একটি গোয়েন্দা ও যুদ্ধবিমান হিসেবে বর্ণনা করেছে। বাহিনীটির দাবি, ড্রোনটি ইরানের আকাশসীমায় গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল।
বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, এ নিয়ে তাদের হাতে ভূপাতিত হওয়া এমকিউ-১ সিরিজের মার্কিন ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। ঘটনাটিকে তারা শত্রুপক্ষের গোয়েন্দা অভিযানের আরেকটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালীর কাছাকাছি কেশম দ্বীপের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ড্রোন ভূপাতিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাধীনভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ