| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ক্ষুব্ধ ১৮ মুসলিম দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২০:৫৮:৩৮:অপরাহ্ন  |  ৪২ বার পঠিত
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ক্ষুব্ধ ১৮ মুসলিম দেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক: হাসপাতালের দেয়ালও যেন নিরাপদ নয় গাজায়! যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় এবার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে চিকিৎসক ও শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনির। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৮টি দেশ। তাদের অভিযোগ, এ হামলা শুধু আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনই নয়, বরং গাজায় চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়াকেও নতুন করে হুমকির মুখে ফেলছে।

গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যৌথ বিবৃতিতে তারা এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়, হামলায় একজন সার্জন ও একটি শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এ ধরনের হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলারও নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সামরিক অভিযান যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করছে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

যৌথ বিবৃতিতে গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম, শীতকালীন আশ্রয় উপকরণ এবং জরুরি ত্রাণসামগ্রী পৌঁছাতে বাধা দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন মন্ত্রীরা।

তারা সতর্ক করে বলেন, শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত আশ্রয়ের অভাব, বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন ব্যবস্থার অবনতি এবং স্বাস্থ্যসেবার ঘাটতি গাজার শিশু ও নবজাতকদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

বিবৃতিতে ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির শর্ত মেনে চলা, মানবিক সহায়তা প্রবেশে সব ধরনের বাধা দূর করা এবং চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ১৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের দাবি, গাজায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে।

গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হাসপাতাল, চিকিৎসাকর্মী ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার দাবি এখন আরও জোরালো হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪