| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ৬৩ শতাংশ মার্কিনিই অসন্তুষ্ট: জরিপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২০:৫৫:০৬:অপরাহ্ন  |  ৬৭ বার পঠিত
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ৬৩ শতাংশ মার্কিনিই অসন্তুষ্ট: জরিপ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই জনসমর্থনের বড় সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রতি অসন্তোষ পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় ৬ জনই তাঁর নেতৃত্বে সন্তুষ্ট নন। শুধু তাই নয়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন অধিকাংশ মার্কিনি। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানির দাম এবং দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়ছে জনরোষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর কর্মকাণ্ডের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর পরিচালিত ইকোনমিস্ট–ইউগভের এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ৫২ শতাংশ জানিয়েছেন, তাঁরা ট্রাম্পের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেন। বিপরীতে, মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা তাঁর কাজে সন্তুষ্ট।

ইরান যুদ্ধ বন্ধ চান অধিকাংশ মার্কিনি

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়েও ব্যাপক অসন্তোষ দেখা গেছে জরিপে। উত্তরদাতাদের ৬১ শতাংশ তাঁর পররাষ্ট্রনীতিতে অসন্তুষ্ট। অন্যদিকে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় অসন্তোষ জানিয়েছেন ৬৭ শতাংশ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ৬৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপও সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি এর অর্থনৈতিক মূল্যও এখন ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অর্থনীতি নিয়ে হতাশ মার্কিন নাগরিকরা

জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অবনতির দিকে যাচ্ছে। মাত্র ১৩ শতাংশ মনে করেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এ ছাড়া ৭৪ শতাংশ উত্তরদাতা দেশের অর্থনীতিকে মাঝারি অথবা দুর্বল হিসেবে মূল্যায়ন করেছেন। অধিকাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, পেট্রল, খাদ্যপণ্য ও আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অর্থাৎ, শেয়ারবাজারের পরিস্থিতি যা-ই হোক, সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের চাপ মার্কিন রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে।

জরিপে ট্রাম্পের নেতৃত্ব ও প্রশাসনের স্বচ্ছতা নিয়েও উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

উত্তরদাতাদের ৬০ শতাংশ মনে করেন, ট্রাম্প ব্যক্তিগত স্বার্থে প্রেসিডেন্টের পদ ব্যবহার করেছেন। অন্যদিকে, ৮২ শতাংশের ধারণা, যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনাকারীদের অধিকাংশ অথবা অনেকেই দুর্নীতিগ্রস্ত।

এসব পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকটের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান শিবিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম আলোচনায় এসেছে।

জরিপে রিপাবলিকান সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্স পেয়েছেন ৪০ শতাংশ সমর্থন। অন্যদিকে, রুবিওর প্রতি সমর্থন জানিয়েছেন ৩৩ শতাংশ উত্তরদাতা।

ডেমোক্র্যাট শিবিরে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ শতাংশ এবং জর্জিয়ার সিনেটর জন অসফ ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন।

৯ থেকে ১১ নভেম্বর পরিচালিত এই জরিপে অংশ নেন ১ হাজার ৬৮৫ জন মার্কিন নাগরিক। জরিপের ত্রুটিসীমা ৩ শতাংশ।

এদিকে, সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সংশয়ে পড়েছেন জেডি ভ্যান্স।

তাঁর ঘনিষ্ঠজনদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলেও এমএজিএ জোটের অভ্যন্তরীণ বিভক্তি এবং পারিবারিক দায়িত্ব তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। ফলে ২০২৭ সালের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হবে।

এতে আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪