| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:৪৮:১৪:অপরাহ্ন  |  ৬২০৩ বার পঠিত
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

চাঁদপুর প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে দেয়ালিকা প্রকাশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ পরিবেশিত হলে অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন ও মননশীল পরিবেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের উপাধ্যক্ষ আই কে হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল গবেষণা পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি।

সেমিনারে ‘নজরুল সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি: একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। প্রধান আলোচক ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও পিএইচডি গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

বক্তারা নজরুলের সাহিত্যকর্মে সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরেন। পরিবর্তনশীল সমাজবাস্তবতায় নজরুলের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তাঁরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘অনুপ্রেরণায় নজরুল’ শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন। এতে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খান, কলেজের বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. ফয়সল আহমেদ ফরাজী, স্কুলের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম, ড্যাফোডিল গ্রুপের করপোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন, সহকারী কর্পোরেট অফিসার মো. ইকবাল হোসেন, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর চেতনা ধারণ করে মানবিক, সাম্যভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪