মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বেপরোয়া চলাচল ও একের পর এক দুর্ঘটনার অভিযোগ তুলে পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দাবি বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল, গাড়িগুলোর কাগজপত্র যাচাই এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শুক্রবার (২৮ আগস্ট) পুকুরিয়া বাসস্ট্যান্ডে সেলফী পরিবহনের সঙ্গে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। এর পরদিন শনিবার (২৯ আগস্ট) একই এলাকায় সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কে ঘটে যাওয়া অধিকাংশ দুর্ঘটনায় সেলফী পরিবহনই দায়ী।
তাদের দাবি, পরিবহনটির চালকদের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি পিজুস পাইক বলেন, গত ২৮ আগস্ট পুকুরিয়া বাসস্ট্যান্ডে সেলফী পরিবহনের সঙ্গে একটি দুর্ঘটনা হয়েছে। এই পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ২৯ আগস্ট মানববন্ধন করেছি। এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আন্দোলনকারীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কর্মসূচি দিতে পারেন।
জেলা প্রশাসক বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে জানান পিজুস পাইক।
এর আগে স্মারকলিপিতে সেলফী পরিবহনের দুর্ঘটনার রেকর্ড, মামলা, ফিটনেস, রুট পারমিট, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ যাচাইয়ের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত কতটি গাড়ির রুট পারমিট রয়েছে এবং বাস্তবে কতটি গাড়ি চলাচল করছে, তা যাচাইয়েরও দাবি জানানো হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সহায়তায় আইন মানা নিশ্চিত করা হবে। দ্রুত সমাধানের পথে যেতে না পারলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব