ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতি মামলায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তার অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-৭৬২৬) এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ জানায়, সোমবার ভোরে (৭জুলাই) ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে বাবলু মাতুব্বরসহ অপর একজন প্রবাসীর বাড়িতে পৃথকভাবে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা শিশুকে জিম্মি করে গৃহকর্তা ও নারীদের কুপিয়ে আহত করে নগদ টাকা ও ঘরের জিনিসপত্র লুট করে।
পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী একটি কেজি স্কুলের পরিচালক মোক্তার হুসাইন (৪৫) ও তার সহযোগী কিবরিয়া শেখ (৩৫) গ্রেপ্তার করে। মোক্তার ক্যাডেট স্কুল পরিচালনার অন্তরালে ডাকাতির পরিকল্পনাকারী করতো। ইলেকট্রিক মিস্ত্রির পরিচয়ের আড়ালে ডাকাত দলের সদস্য হিসেবে কাজ করতো কিবরিয়া শেখ।
প্রসঙ্গ কারণে উল্লেখ্য গত ৩০ মে আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে পৃথক দুটি বাড়িতে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ডাকাত সদস্যরা লুট করে। সেই মামলায় অপর আসামি শহিদুল ও পার্থ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার এসআই মোশাররফ জানান, জানান, মোক্তার ও কিবরিয়া ডাকাতি সংঘটিত করার জন্য একে অপরকে সহযোগিতার পাশাপাশি অন্যান্য ডাকাতদের নিয়ে দল গঠন করতো। দুইজন মুখোশ পরে এবং ছদ্মবেশে ডাকাতি করতো বলে পুলিশকে জানায়।
.
রিপোর্টার্স২৪/এস