জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ৭ বছর বয়সী এক শিশুকে বার্গার, চিকেনের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিহাব নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার রাতে জীবননগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় সোমবার (১৪ জুলাই) আটক হওয়া যুবকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযুক্ত শিহাব জীবননগর পৌর সভার ৯নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযোগে শিশুর মা জানান, আমি গৃহিণী। আমার মেয়ের বয়স ৭ বছর। আমার মেয়ে মাদ্রাসায় ওয়ানে পড়ে। গত বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি আসছিল। এ সময় শিহাব রাস্তায় তাকে একা পেয়ে বার্গার এবং চিকেন খাওয়ানোর লোভ দেখায়। তারপর শিহাব ও তার সাথে থাকা আরও দুজন মোটরসাইকেলে আমার মেয়েকে নিয়ে “দি রয়েল ক্যাফেতে” যায়।
তিনি আরও জানান, সেখানে আমার মেয়েকে বার্গার, চিকেন খাওয়ানো শেষ করে মোটরসাইকেলে বাঁকা রোডে নিয়ে যায়। পরে শিহাব আমার মেয়েকে কোলে করে নিয়ে গিয়ে বাঁকা গ্রামের ফাঁকা মাঠের মধ্যে খোকন মাস্টারের পরিত্যক্ত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন তার মেয়ে উচ্চ স্বরে কান্নাকাটি করতে গেলে মুখ চেপে ধরে। পরবর্তীতে শিহাব ও তার সঙ্গীরা মোটরসাইকেলে করে আমার মেয়েকে নতুন তেতুলিয়া মসজিদের পার্শ্বে রেখে চলে যায়। বাড়ি ফিরে বিষয়টি তার নানীকে জানান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ওই ছাত্রীর মা রোববার রাতে থানায় উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এরপর আমরা অভিযোগের ভিত্তিতে শিহাবকে আটক করি। তাঁকে জিজ্ঞাসাবাদে আমরা ঘটনার সত্যতা পাই। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগ একটি মামলা দায়ের করেন। শিহাবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ