বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নে কয়েকশ একর কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েন এলাকার প্রান্তিক কৃষকরা।
এই সংকট মোকাবেলায় স্থানীয় কৃষকদের উদ্যোগে এবং সেচ্ছাশ্রমে বাউফল ও দশমিনা উপজেলার মধ্যবর্তী প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি শাখা খাল থেকে কচুরিপানা সরিয়ে তা পানিপ্রবাহের উপযোগী করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই সেচ্ছাশ্রম কর্মসূচির প্রথম দিনেই অংশ নেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।
এ সময় স্থানীয় বিএনপি সভাপতি আলী আজম চৌধুরী বলেন, “দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মনির ভাইয়ের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা নিরসনে কার্যকর কর্মসূচি হাতে নিয়েছি। বীজতলা রক্ষা এবং কৃষিজমির পানি নিষ্কাশনের জন্যই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানুষের পাশে থাকার জন্য, বিশেষ করে প্রান্তিক কৃষকদের দুর্দিনে পাশে থাকাটাই এখন মূল দায়িত্ব।”
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে নষ্ট হতে থাকে বীজতলা। এরই প্রেক্ষিতে তারা নিজেরা উদ্যোগ নিয়ে খাল পরিষ্কার করে কৃষি জমি রক্ষা করলেন।
রিপোর্টার্স২৪/আরএইচ