রিপোর্টার্স ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস, আর এই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল- তা মাঠেই প্রমাণ করে দিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে বোলিংয়ে নামেন শেখ মেহেদী। দ্বিতীয় বলেই ফখর জামানকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু ফাইন লেগে সহজ ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ।
তবে সে ভুলের প্রায়শ্চিত্ত তাসকিন নিজেই করে দেন পরের ওভারে। ৬ রান করা ওপেনার সাইম আইয়ুবকে বড় শট খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে মোস্তাফিজের হাতে ক্যাচ দেন তিনি।
তৃতীয় ওভারে শেখ মেহেদী ফেরান ৪ বলে ৩ রান করা হারিসকে। এরপর পঞ্চম ওভারে তানজিম সাকিব তার প্রথম ওভারের শেষ বলে তুলে নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে (৩)। আর মোস্তাফিজের বলে হাসান নওয়াজ বাউন্ডারির আগেই কাটা পড়লে পাওয়ার প্লেতেই পাকিস্তান পড়ে যায় চাপে- ৬ ওভারে ৪১/৪।
ব্যাটিং ব্যর্থতার দিনে আরও বিপদ ডেকে আনেন মোহাম্মদ নাওয়াজ। অষ্টম ওভারে রান আউট হয়ে ফিরে যান মাত্র ৩ রানে।
এক প্রান্ত আগলে রেখে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ফখর জামান। কিন্তু ১০ম ওভারে শেখ মেহেদীর সহজ ক্যাচ তুলেও জীবন পান তিনি। এরপর ১২তম ওভারে সিঙ্গেল নিতে গিয়ে খুশদিল শাহের ‘না’- তে বিপদে পড়েন, পিচের মাঝপথে থেমে গেলে তাসকিনের সরাসরি থ্রোতে রান আউট হন ৪৪ রানে।
এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। তবে সে চেষ্টা বড় হতে দেননি টাইগার বোলাররা।
১৯তম ওভারে আবারও আক্রমণে আসেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ফাহিম আশরাফ (৫)। পরের বলেই রান আউট হয়ে যান সালমান মির্জা। পরের ডেলিভারিতে ক্যাচ তুলে আউট হন আব্বাস আফ্রিদি। মাত্র তিন বলে তিন উইকেট হারায় পাকিস্তান, আর সেখানেই মূলত শেষ হয়ে যায় ইনিংস।
পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯ ওভারে মাত্র ১১০ রানে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দেন পাকিস্তান মিডল ও লোয়ার অর্ডার। মোস্তাফিজ শিকার করেন ২ উইকেট, আর মেহেদী, তানজিম সাকিব নেন একটি করে।
রিপোর্টার্স২৪/আরএইচ