| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে সাকিব-আসিফের খোঁচাখুঁচি

‘ভালো ক্রিকেটার বলেই কেন পুনর্বাসন করতে হবে?’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৭:০২:০৬:অপরাহ্ন  |  ১২৭৩১৮১ বার পঠিত
‘ভালো ক্রিকেটার বলেই কেন পুনর্বাসন করতে হবে?’
ছবির ক্যাপশন: সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার: শুরুটা গত রোববার (২৮ সেপ্টেম্বর)। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে খ্যাত এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। রাত ৯টার দিকে করা পোস্টটিতে সাকিবকে শেখ হাসিনার সঙ্গে দেখা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’

অই পোস্ট থেকেই মূলত বিতর্কের সূত্রপাত। যা আজ ফেসবুকে রুপ নিয়েছে ‘খোঁচাখুঁচি’তে। সাকিবের সেই পোস্টের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ট্যাটাস, তারপর সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ।

রোববার সাকিবের পোস্ট দেয়ার এক ঘন্টা পরই আসিফ স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

স্ট্যাটাসে সাকিবের নাম উল্লেখ না করলেও সবাই বুঝে গেছেন কাকে উদ্দেশ করে তার এই পোস্ট। খোদ সাকিবও বিষয়টি আমলে নিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন ফেসবুকে। তবে তিনিও কারও নাম উল্লেখ করেননি।

একইদিন বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

এরপরদিন অর্থাৎ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাকিব আল হাসানের আবারও কড়া সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন আসিফ। এই পোস্টে সাকিবের আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করা, শেয়ার বাজারসহ নানা আর্থিক কেলেঙ্কারীতে নাম আসার প্রসঙ্গ তুলেছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

এটুকু লেখার পর আসিফ ইংরেজিতে যোগ করেছেন, ‘ইউ নো হু।’ মানে কথাগুলো কার, সেটা আপনারা সবাই-ই জানেন।

আসিফ মাহমুদ নাম বলেননি, তবে তিনি যে সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন, সেটা তাঁর স্ট্যাটাসের পরের অংশেই স্পষ্ট, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪