| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি সম্মেলন

সুন্দরী মেলোনির দিকেই নজর ছিল বিশ্ব নেতাদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৪৯:২৬:অপরাহ্ন  |  ১৪২১০৩৮ বার পঠিত
সুন্দরী মেলোনির দিকেই নজর ছিল বিশ্ব নেতাদের
ছবির ক্যাপশন: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) শারম আল শেখে শান্তি সম্মেলনের আলোচনায় বসেছিলেন ২০টির বেশি দেশের নেতারা। সেখানে উপস্থিত একমাত্র নারী সরকারপ্রধান ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সুন্দরী মেলোনির দিকেই নজর ছিল বিশ্ব নেতাদের। তাই মেলোনিতে মজেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও এরদোয়ান।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী নারী’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজের প্রচেষ্টা নিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প তাঁর পেছনে অন্যান্য নেতার সঙ্গে দাঁড়িয়ে থাকা মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই।’

এরপর ট্রাম্প মেলোনির দিকে ঘুরে বলেন, ‘যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তাই।’ ওই সময় ৪৮ বছর বয়সী মেলোনিকে হাসতে এবং মাথা নাড়তে দেখা যায়।

ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘অসাধারণ’ নেতা বলেও বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইতালিতে তিনি (মেলোনি) খুবই সম্মানিত। তিনি একজন খুবই সফল রাজনীতিক।

বার্তা সংস্থা ইহলাসে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে মেলোনির উদ্দেশে এরদোয়ানকে বলতে শোনা যায়, ‘আমি দেখলাম, আপনি উড়োজাহাজ থেকে নামছেন। আপনাকে দারুণ দেখাচ্ছিল। কিন্তু আপনার ধূমপানের অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে।’

এরদোয়ান ও মেলোনি যখন কথা বলছিলেন, তখন তাঁদের ঠিক পাশে দাঁড়ানো ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এরদোয়ানের কথা শুনে মাখোঁ হেসে বলে ওঠেন, ‘এটা অসম্ভব’।

মেলোনি তখন বলেন, ‘আমি জানি, আমি জানি। আমি কারও ক্ষতি করতে চাই না।’

এর আগে ইতালির প্রধানমন্ত্রী তাঁর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে লেখা একটি বইয়ে বলেছিলেন, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদসহ বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ধূমপানের বিষয়টি তাঁর জন্য সহায়ক হয়।

এরদোয়ান তুরস্ককে ধূমপানমুক্ত দেশ বানানোর অঙ্গীকার করেছেন। দেশজুড়ে ‘ধূমপানমুক্ত তুরস্ক’ নামের একটি প্রচারাভিযান চলছে। ধূমপানবিরোধী সচেতনতা গড়ে তোলা, ধূমপান ছাড়ার জন্য সহযোগিতা করা, ধূমপান থেকে তরুণদের বিরত রাখতে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে আঙ্কারা।

গতকাল (১৩ অক্টোবর) মেলোনি ও এরদোয়ান মিসরে লোহিত সাগরসংলগ্ন পর্যটন শহর শারম আল শেখে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়েছিলেন। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে সমর্থন, দুই পক্ষের যুদ্ধের অবসান ও বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন এবং এর শাসনব্যবস্থা নিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করতে ওই ‘শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সোমবার ট্রাম্প এবং অন্য দেশের নেতারা স্বাক্ষর করেন। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।’

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪