| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৪৯৪২ বার পঠিত
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। এর কয়েক দিন পর এটি বিস্তৃত হয়ে সারাদেশের ওপর দিয়ে বৃষ্টিপাত হতে থাকে। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে বৃষ্টি। এমন বৃষ্টিপাতের মধ্যেই  শুক্রবার বঙ্গোপসাগরে লঘুচাপ হতে পারে বলে খবর দিল আবহাওয়া অফিস।

এদিকে  দেশের তিন বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে বড় আকারের মেঘ সৃষ্টির হওয়ার জন্যই এ সতর্কসংকেত দেওয়া হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। আর এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আরও বলেন, দেশের এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পরে আগামী আরও ১০ দিন। বাংলাদেশ সংলগ্ন এলাকায় জড়ো হওয়া গভীর সঞ্চারণশীল মেঘমালার জন্য এই বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী ২৭ মে পশ্চিমমধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে। 

কাজী জেবুন্নেছা বলেন, ২৫ থেকে ২৬ মে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রুপ নেবে কী না, তা এখনও বলা যাচ্ছে না। এ নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলার সময় আসেনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মে মাস সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে পরিচিত। গত বছরের মে মাসেই ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। গত বছরের ২৬ মে এ ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশের উপকূলে। এবারও নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সময় কাছাকাছি। এর আগেও একাধিক বড় ধরনের ঘূর্ণিঝড় এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। তাই আবহাওয়াবিদরা এ সময় সতর্ক থাকতে বলছেন।

কাজী জেবুন্নেছা আরও বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার উপযোগী রয়েছে। তবে নিম্নচাপ তৈরি হলে সেটি কোথায় যাবে, কীভাবে শক্তি সঞ্চয় করবে, এসব বিষয় আরও কিছুদিন পর জানা যাবে।’

এবার যদি ঘূর্ণিঝড় হয়, তবে এর নাম হবে ‘শক্তি’। নামটি শ্রীলঙ্কার দেওয়া।

তিনি আরও বলেন, এবার মৌসুমি বায়ু একটু আগে আসার সম্ভাবনা রয়েছে। এখন মৌসুমি বায়ু ভারতের কেরালায় অবস্থান করছে। আগামীকাল বা পরশু এটি কক্সবাজারের টেকনাফ উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। জেবুন্নেছা আরও বলেন, মৌসুমি বায়ুর এমন অবস্থার ফলে এবার আগে থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ঢাকার বাতাস দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় সূর্যাস্থ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে, শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। 

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বান্দরবানে দেশের সবচেয়ে বেশি ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

 শুক্রবার দুপুর ১২টায় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪