স্টাফ রিপোর্টার: নানা নাটকীয়তা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমরা কমিশনের কাছে নথি পাঠিয়েছিলাম। তিনি আরও জানান, তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।
নির্বাচন ঘিরে শুরু থেকেই জটিলতা তৈরি হয়। জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিন সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হতে পারে—এমন আলোচনা ওঠে। এর মধ্যেই ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকেল ৪টা ১৯ মিনিটের পর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে সময় অতিক্রম করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল হয়। এরপর নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই অনুযায়ী ২ মে বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রোববার (৩ মে) বৈধ প্রার্থী হিসেবে তার নামও প্রকাশ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা ইতোমধ্যে শপথও নিয়েছেন। ফলে নুসরাত তাবাসসুমই সংরক্ষিত নারী আসনের ৫০তম সংসদ সদস্য হচ্ছেন।
রিপোর্টার্স২৪/বাবি