স্পোর্টস ডেস্ক: দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। সর্বশেষ গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শমিত বদলি হিসেবে নামেন। মোরছালিন দলেই ছিলেন না চোটের কারণে। আজ ভারত ম্যাচে এই দুজনকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে নামছে বাংলাদেশ-ভারত। আজ রাত আটটায় শুরু হয়েছে খেলা। এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে বড় অংশই দর্শকে পরিপূর্ণ।
রিপোর্টার্স২৪/ধ্রুব