রিপোর্টার্স২৪ ডেস্ক: হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানিয়ে আয়োজিত অভিজাত নৈশভোজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার উপস্থিতিতে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোনালদোকে নিয়ে করলেন বিশেষ মন্তব্য যা উপস্থিত সবাইকে হাসিয়ে দিল।
নৈশভোজের শুরুতেই বক্তৃতা দিতে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। আজ তার সঙ্গে দেখা হওয়ায় ব্যারন আমাকে এখন আরও বেশি ‘সম্মান’করছে! ট্রাম্পের রসিকতা মুহূর্তেই পুরো হলে হাসির রোল তোলে।
রোনালদোর সঙ্গে নৈশভোজে উপস্থিত ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। তারা অনুষ্ঠানের এক পর্যায়ে টেসলা ও এক্স এর কর্তা ইলন মাস্কের সঙ্গে সেলফিও তোলেন। প্রযুক্তি, কূটনীতি, ব্যবসা ও ক্রীড়াজগতের তারকায় ভরা সেই রাতটি তাই হয়ে ওঠে হোয়াইট হাউসের স্মরণীয় এক আয়োজন।
অনুষ্ঠানে আরও ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আন্তর্জাতিক ব্যবসায়ী এবং টেক ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এমন জমকালো নৈশভোজের আয়োজন করা হয়।
২০১৬ সালের পর এটাই রোনালদোর প্রথম যুক্তরাষ্ট্র সফর। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর–এ খেলা রোনালদোকে সৌদির ক্রীড়া–বিনিয়োগ ও কূটনৈতিক পরিকল্পনার অন্যতম মুখ বলে ধরা হয়। তাই সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।
রোনালদোকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, আপনাদের এখানে পেয়ে আমরা সত্যিই সম্মানিত অনুভব করছি। সম্প্রতি রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি জার্সিও পাঠিয়েছেন, যেখানে লেখা ছিল। শান্তির পথে খেলছি। ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে আরও দীর্ঘ আলাপের আগ্রহও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।
রিপোর্টার্স২৪/ঝুম