| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গঠনের ঘোষণা আসিফ আকবরের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ২০:২৮:৪৩:অপরাহ্ন  |  ১০২৯০৪৬ বার পঠিত
প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গঠনের ঘোষণা আসিফ আকবরের

রিপোর্টার্স২৪ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার বাইরে গিয়ে প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। বুধবার (১৯ নভেম্বর) পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

আসিফ আকবর বলেন, খুব শিগগিরই দেশব্যাপী জেলা ভিত্তিক ক্রিকেট লীগ চালু করা হবে। ক্রীড়া অধিদপ্তর থেকে আসা সরঞ্জাম অনেক সময় খেলার উপযোগী না থাকায় বিসিবি নতুন পরিকল্পনা নিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মতো দেশে মাদ্রাসা থেকেই জাতীয় দলে ক্রিকেটার উঠে এসেছে। তাই বাংলাদেশের প্রতিটি শিশুকে মূল ধারার ক্রিকেটে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টকে নতুন আঙ্গিকে সাজানোর কাজ চলছে জানিয়ে আসিফ আকবর বলেন, এবারই প্রথম স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। তিনি জানান, দেশের প্রায় ২৩ লাখ নতুন প্রজন্ম মাদকাসক্ত, বিদেশে থাকা দেড় কোটি মানুষের পরিবার নানা দুর্ভোগে, এবং প্রায় ৫ কোটি মানুষ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে—এ অবস্থায় ক্লাস ফোর থেকেই ক্রিকেট কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দেশের ক্রিকেট ক্যালেন্ডার বছরে আট মাস সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মেয়েদের জন্যও থাকবে বিশেষ সুযোগ-সুবিধা।

অনুষ্ঠানে বিসিবির পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, আম্পায়ার সাকির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি আবুল হাসেম। মতবিনিময় সভায় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার, অভিভাবক ও আম্পায়াররাও বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪