| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শততম টেস্টে বিরল ইতিহাস: সেঞ্চুরি করে এলিট ক্লাবে মুশফিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৯:৩১:০৪:পূর্বাহ্ন  |  ১০২১০৭৫ বার পঠিত
শততম টেস্টে বিরল ইতিহাস: সেঞ্চুরি করে এলিট ক্লাবে মুশফিক

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের কোটি ভক্তকে দীর্ঘ প্রতীক্ষায় রেখেছিলেন মুশফিকুর রহিম। বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শততম টেস্টের প্রথম দিনে মাত্র এক রান দূরে থেকে সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি তিনি। ১৮৭ বল খেলে ৯৯ রানে অপরাজিত থাকার পর পুরো দেশই তাকিয়ে ছিল পরের দিনের দিকে। উত্তেজনা, টেনশন আর প্রত্যাশার সেই দীর্ঘ রাত শেষে বৃহস্পতিবার সকালেই পাওয়া গেল মাহেন্দ্রক্ষণ।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ১৯৫তম ডেলিভারি মোকাবিলা করে কাঙ্ক্ষিত তিন অংকে পৌঁছান মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্ব ক্রিকেটের মাত্র ১১ জন ব্যাটারের তালিকায় যুক্ত হলো মুশফিকুর রহিমের নাম। বাংলাদেশের হয়ে এ কীর্তি গড়া তিনিই প্রথম।

টেস্টে দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকের শততম টেস্টের আগে ছিল ৯৯ ম্যাচে ১৮২ ইনিংসে ৬ হাজার ৩৫১ রান। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট হাতে নির্ভরতার প্রতীক হওয়া সত্ত্বেও ক্যারিয়ারের বিশেষ মাইলফলক ম্যাচগুলো—প্রথম টেস্ট, ৫০তম ও ৭৫তম ম্যাচ—তেমন স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। লর্ডসে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২২ রান। মিরপুরেই ৫০তম টেস্টে ছিলেন ব্যর্থ (৪ ও ৯)। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে (৭৫তম) করেছিলেন ১১ রান।

সেই ইতিহাস সামনে রেখে ক্রিকেটপ্রেমীরা শঙ্কায় ছিলেন—শততম ম্যাচেও কি পুনরাবৃত্তি হবে ব্যর্থতার? কিন্তু এবার আর হতাশ করেননি মুশফিক। বুধবার ৫ নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই শৃঙ্খলাপূর্ণ ইনিংস খেলেন তিনি। বিচক্ষণতা, ধৈর্য ও নিখুঁত শটে সাজানো ইনিংসে তিনি অপেক্ষায় থাকেন আলগা ডেলিভারির। ভালো বলগুলো ডিফেন্সে সামলে, খারাপ বল শাস্তি দিয়েই এগিয়ে যান কাঙ্ক্ষিত শতকের দিকে।

প্রথম দিন শেষ করেন ৯৯ রানে অপরাজিত থেকে। সেদিন আর সেঞ্চুরি না হলেও পরের দিন ইতিহাস গড়ে ছাড়েন বাংলাদেশ দলের এ নির্ভরযোগ্য ব্যাটার। ক্যারিয়ারের ১৩তম শতকটি এসেছে সবচেয়ে স্মরণীয় মুহূর্তে, দেশের ক্রিকেট ইতিহাসের সোনালি পাতায় যুক্ত হলো নতুন এক অধ্যায়।

এর আগে শততম টেস্টে শতরান করেছেন বিশ্বের আরও দশজন ব্যাটার—কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার। এই এলিট ক্লাবের ১১তম সদস্য হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪