| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১০:১৯:৩৬:পূর্বাহ্ন  |  ১০২০৬২২ বার পঠিত
ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

ঠাকুরগাঁও প্রতিনিধি: জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটকে আমরা ছড়িয়ে দিতে চাই। সরেজমিনে না এলে বোঝা যায় না আসলে কী হচ্ছে। তাই আমি নিজেই এসেছি।’

বৃহস্পতিবার সকাল ৯টায় ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ের ক্রিকেটার, কোচ ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ আকবর বলেন, ‘আমি শুরু করেছি দ্বিতীয় ধাপে রংপুর বিভাগ থেকে। পার্বত্য জেলাগুলো—বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি দিয়ে প্রথম ধাপ শুরু হয়েছিল। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমরা ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত যে বঞ্চনার শিকার হয়েছি, তার চেয়েও এখনকার তৃণমূলের অবস্থা খারাপ। অথচ তখন বোর্ডের আর্থিক অবস্থা দুর্বল ছিল, আমাদের অবস্থা তুলনামূলক ভালো। এখন বোর্ডের অবস্থা অনেক ভালো, কিন্তু তৃণমূলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এটা উল্টো হয়ে গেছে। এর মানে স্পষ্ট মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা থেকে কেউ এখানে আসে না, খোঁজখবর রাখে না। এখানকার খবর ঢাকায় পৌঁছায় না।’

তিনি আরও বলেন, ‘এখন বিসিবির প্রতিনিধি হয়ে আমি নিজেই আপনাদের কাছে এসেছি। আমাদের প্রতিশ্রুতি, আমাদের সক্ষমতা এবং আমাদের স্বপ্ন একটাই—ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়া। এর পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা রয়েছে। তৃণমূলে যত প্রচারণা, যত সুযোগ-সুবিধা, যত লজিস্টিক সাপোর্ট ও উন্নয়ন দরকার—সবই আমরা করব।’

ক্রিকেটের সামাজিক প্রভাব তুলে ধরে আসিফ আকবর বলেন, ‘বাচ্চারা খেললে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। কিশোর গ্যাং, মাদক—এসবের ছোঁয়া লাগবে না। তারা বড় হয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, আম্পায়ার শাকির আহমেদসহ জেলা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়েরা।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪