রিপোর্টার্স২৪ ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।
রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনের সকালে অ্যান্ডি ম্যাকব্রিনকে এলবিডব্লিউ করে মাইলফলকের উইকেটটি তুলে নেন তিনি। কার্টিস ক্যাম্পারের সঙ্গে জমে খেলা ম্যাকব্রিন হঠাৎ এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় বল লাগান। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন, আঙুল তুলতে দেরি করেননি আম্পায়ার। রিভিউ নিলেও রক্ষা হয়নি ম্যাকব্রিনের, আর তাতেই তাইজুলের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৫০।
এর আগের দিনই সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। এবার নতুন আরেকটি কীর্তি যোগ হলো তার নামের পাশে।
মাত্র ৫৭ টেস্টে ২৫০ উইকেট পূর্ণ করেছেন তাইজুল। প্রতি উইকেটের জন্য তিনি খরচ করেছেন গড়ে ৩০.৯২ রান। তার মাইলফলক স্পর্শের সঙ্গে সঙ্গেই সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৯ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৯৪ রান। ম্যাচ জয়ের পথে বাংলাদেশ তখন শুধু সময়ের অপেক্ষায়।
রিপোর্টার্স২৪/আরকে