রিপোর্টার্স২৪ডেস্ক: ভেন্যু সংকট কাটিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ-নেপাল রাগবি সেভেনস সিরিজ। তবে মাঠের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ টিকতে পারেনি। সিরিজের দুই ম্যাচেই নেপালের কাছে হেরে যায় লাল-সবুজের দল।
প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ার সুযোগই পায়নি বাংলাদেশ। নেপাল ১৫-০ পয়েন্টে জয়ে নেয়। দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করলেও জয় ধরাছোঁয়ার বাইরে ছিল। বাংলাদেশ ১৫ পয়েন্ট করলেও নেপাল পায় ২৬ পয়েন্ট। ফলে সেভেনস শ্রেণির এই দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকেরা।
গত সপ্তাহেই একই ভেন্যুতে নেপাল ফুটবল দল প্রীতি ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি। তবে এবার রাগবিতে সেই মাঠেই জয় পেল দক্ষিণ এশিয়ার দেশটি।
আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফিফটিনস সিরিজের একমাত্র ম্যাচ। বাফুফে নারী ফুটবল দলের অনুশীলন থাকায় ম্যাচটির সময় দুপুর থেকে এগিয়ে আনা হয়েছে।
২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া নারী ফুটবল ম্যাচকে ঘিরে বাফুফে জাতীয় স্টেডিয়ামে রাগবি আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতিতে রাগবি ম্যাচ আয়োজন করা হয়। বাফুফের অনুরোধে ফিফটিনস ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে বলেও জানায় আয়োজকরা।
রিপোর্টার্স২৪/বাবি