রিপোর্টার্স২৪ডেস্ক: নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ ভেবেছিলেন, বাফুফের ভেতরে নতুন কোনো বিরোধ বা অন্তর্কোন্দলের ইঙ্গিত কি না। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, এটি সম্পূর্ণ ইন্টারনাল মিস কমিউনিকেশন। সময়মতো জানানো না হওয়ায় কিরণের না আসতে পারা ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চান।
রোববার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, মিস কমিউনিকেশনের কারণে কিরণ আপাকে জানানো হয়নি। এতে তিনি সময়মতো আসতে পারেননি। সভাপতি হিসেবে এই ভুলের দায় আমার। ভবিষ্যতে অবশ্যই তাঁকে আপনাদের সামনে দেখতে পাবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা জানায়। মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির এই পর্যায়ে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ আয়োজনকে গুরুত্ব দিচ্ছে বাফুফে।
সভাপতি জানান, ফিফা উইন্ডোর বাইরেও দলকে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলানোর চেষ্টা চলছে। তাঁর ভাষায়, যত বেশি মানসম্মত ম্যাচ খেলা যাবে, দল তত বেশি উপকৃত হবে। যাওয়ার আগে আরও তিনটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।
গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলের ফুটবলারদের ঘোষণা দেওয়া দেড় কোটি টাকার পুরস্কার এখনো পরিশোধ না হওয়ায় প্রশ্ন ওঠে। এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিশ্রুত টাকা প্রদান করব, এ বিষয়ে আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী।
নারী ফুটবলের চ্যালেঞ্জ, প্রস্তুতি ও পুরস্কার বাস্তবায়ন, সব মিলিয়ে সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি