গোপালগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে ঘোষণার ছয় মাস পর অবশেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, ৪০ সদস্যের এই কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ)। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ মোট ১০ জন। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ২৯ জন।
এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে টুঙ্গিপাড়া উপজেলা সমন্বয় কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৪ জুন এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি দ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। সেই ঘোষণার ছয় মাস পর টুঙ্গিপাড়া উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল দলটি।
রিপোর্টার্স২৪/এসসি