| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এমন মানুষের সাথে সংসার করার চাইতে মরা ভাল’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৬:১৭:২০:অপরাহ্ন  |  ১১৬৫৪১৪ বার পঠিত
‘এমন মানুষের সাথে সংসার করার চাইতে মরা ভাল’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক গৃহবধূ। আয়েশা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। 

চিরকুটে লেখা ছিল - ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।’

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ - আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। 

তিনি বলেন, নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪