মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নাকচ করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
জানা গেছে, জামিন শুনানির সময় আদালত চত্বরে কয়েকজন আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল করেন।
আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম দফায় জামিন আবেদন খারিজ হয়। পরে ফৌজদারি বিধি অনুসারে জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করা হয়। সোমবার ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিনসহ ১৫–১৬ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
আইনজীবী জিন্নত আলী আরও বলেন, আদালতে দোষী প্রমাণিত হলে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।
রিপোর্টার্স২৪/বাবি