শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় তিনি শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের নাগরিক সুবিধা সহজীকরণ ও সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম জুয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পাঁচ উপজেলার ইউএনওসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভাগীয় কমিশনার শেরপুর পৌরসভা অফিসসহ কয়েকটি সরকারি দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেন।
এর আগে শেরপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি