রাঙ্গামাটি প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, দুর্নীতিকে সামাজিকভাবে প্রতিরোধ করতে পারলেই উন্নয়ন টেকসই হয়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসন, নাগরিক সমাজ ও তরুণদের একসঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা দেশের ভবিষ্যৎকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক প্রমূখ।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম