লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপুরি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটায় অভিযান করে স্থানীয় প্রশাসন। এ নিয়ে গত ১৮ দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রামগতির চর আফজাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়।
লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টিসহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ১৮ দিনে ৩৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। এসব অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে পুনরায় চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন