রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ম বারের মত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে হাল্ট প্রাইজ। রেজিস্ট্রেশন শুরু ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
এবারও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চার ধাপে অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল অ্যাকসিলারেটর ও গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস পর্যায়ে রাবির যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এককভাবে অথবা ৩–৫ সদস্যের দলে অংশ নিতে পারবেন। একক প্রতিযোগীদের জন্য সংগঠক কমিটি দল গঠনের ব্যবস্থা করবে। দলগুলোকে টিম ফরমেশন, এবস্ট্রাক্ট জমাদান, এলিভেটর পিচ, চূড়ান্ত উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
অন ক্যাম্পাস রাউন্ড তিন ধাপে সম্পন্ন হবে। প্রথমে অংশগ্রহণকারীরা তাদের পরিকল্পনার সারসংক্ষেপ জমা দেবেন। এরপর বাছাই করা দলগুলো ভিডিও উপস্থাপনা করবে। শেষ ধাপে গ্র্যান্ড ফাইনালে নির্বাচিত ৮ দল সরাসরি প্রেজেন্টেশন দেবে, যার মধ্যে থেকে শীর্ষ তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এই তিন দলই পরে রিজিওনাল সামিটে রাবির প্রতিনিধিত্ব করবে।
এ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজকরা ‘প্রজেক্ট পদচিহ্ন’ নামে একটি সামাজিক উদ্যোগ নিয়েছেন। এর আওতায় বৃক্ষরোপণ, চর খিদিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা এবং নারী ক্ষমতায়ন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী বলেন, হাল্ট প্রাইজ শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণদের নেতৃত্ব, দলগত দক্ষতা এবং সামাজিক সমস্যার সমাধান উদ্ভাবনে অনুপ্রাণিত করে। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করবে, শিক্ষার্থীদের বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের তুলে ধরার সুযোগ দেবে এবং স্থানীয় সমস্যা সমাধানে তাদের ধারণা বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।
অন ক্যাম্পাস পর্যায়ের সহযোগী হিসেবে কাজ করছে VRC স্টাডি অ্যাব্রড এবং খান তেহেরী ঘর।
রিপোর্টার্স২৪/মিতু