মানিকগঞ্জ প্র্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টার (এস২–এজিপি) মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকের ফসলের মাঠে পাইলট নিরাপদে অবতরণ করান।
জানা গেছে, বিকেল চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন, যাদের সবাই স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে। ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়।
যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও সমাধানে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি চার্জ–আপের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিশিয়ান টিম এসে ত্রুটি মেরামতের কাজ শুরু করবে।
আশপাশের এলাকাবাসীরা ফসলের মাঠে ছুটে এসে হেলিকপ্টারটি দেখতে ভিড় করেন। হেলিকপ্টারের নিরাপত্তায় স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী রাতভর পাহারায় থাকবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
রিপোর্টার্স২৪/মিতু