কক্সবাজার প্রতিনিধি: বিমানে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে সাগরপথে পাচারের চেষ্টা চলাকালে ডাকাতের হামলার পর কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে সাতজনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকেও আটক করা হয়। ঘটনাটি ঘটে সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে।
আটক দালালরা হলেন—টেকনাফের মো. ইসমাইল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম।
উদ্ধার ভুক্তভোগীরা জানান, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রথমে বিভিন্ন স্থানে ঘোরানো হয়, পরে টেকনাফে এনে জিম্মি রেখে ট্রলারে তোলা হয়। সাগরে উঠতেই ডাকাতদলের হামলায় ট্রলারের মাঝি প্রাণ ভয়ে কূলে ফিরে আসে। তখন বিজিবি অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করে।
নারায়ণগঞ্জের আবু তাহের জানান, এক বছর আগে দালালকে টাকা দেওয়ার পর নানা ছলচাতুরীতে তাকে টেকনাফে এনে আটকে রাখা হয়। পরে সাগরে নিয়ে গেলে ডাকাতের হামলায় ট্রলার ঘুরে আসে।
উখিয়ার তাওহিদ বলেন, ভালো কাজের কথা বলে টেকনাফে এনে পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয়। ট্রলারে মোট ২২ জন ছিলেন।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, দালালদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মানবপাচার রোধে অভিযান চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি